15 August 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

ধর্মশালার আউটফিল্ড নিয়ে কেন এত আলোচনা

Share

প্রতিপক্ষ বাংলাদেশ দল, প্রথম ম্যাচের হার থেকে ঘুরে দাঁড়ানো কিংবা একাদশের ধরন নয়—আজ ধর্মশালায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচিত প্রসঙ্গ ছিল মাঠের আউটফিল্ড। একই প্রসঙ্গ উঠেছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সংবাদ সম্মেলনেও। শুধু হেরাথ বা বাটলারের সংবাদ সম্মেলনে নয়, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের (এইচপিসিএ) আউটফিল্ড নিয়ে আলোচনা চলছে গত তিন-চার দিন ধরেই। বিশেষভাবে শনিবারের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ থেকে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে জোনাথন ট্রট আর জনি বেয়ারস্টো হয়ে বাটলার, হেরাথ—সবারই মুখেই উচ্চারিত হয়েছে ধর্মশালার আউটফিল্ডের কথা। এরই মধ্যে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ (অ্যাভারেজ) বলে অভিহিত করেছেন ম্যাচ অফিশিয়ালরা। আর দুই দিন এই মাঠে অনুশীলনের পর বাটলারের মনে হয়েছে ‘পুওর’ (বাজে)। বিশ্বকাপ মাঠে আলোচিত চরিত্র হয়ে ওঠা ধর্মশালার আউটফিল্ডে আসলে কী হয়েছে, আর সামনেই বা কী হতে পারে? পাঁচ ম্যাচের ভেন্যু
বছরখানেক আগে এইচপিসিএ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে মাঠে সংস্কার করা হয়। দ্রুত পানি সরানোর জন্য বাড়ানো হয় বালুর পরিমাণ, যেখানে ফিল্ডারদের মুভমেন্টের স্বাভাবিক করতে লাগানো হয় ঘাস। তবে ঘাসের ঘনত্ব পর্যাপ্ত পর্যায়ে না থাকায় এ বছরের ফেব্রুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট এখান থেকে শেষ মুহূর্তে সরিয়ে নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তখন ওই ‘অঞ্চলের প্রতিকূল শীতকালীন কন্ডিশন’কে খেলা না চালানোর কারণ হিসেবে জানায়। তাসকিনের অস্বস্তি, মুজিবের চোটের ঝুঁকি
ম্যাচে প্রথম বল হাতে নেন বাংলাদেশের তাসকিন আহমেদ। প্রথম ওভারেই বল নিয়ে দৌড়াতে গিয়ে অস্বস্তিতে পড়েন তিনি। টিভি স্ক্রিনেই দেখা যায়, তাসকিনের রানআপের সঙ্গে বালু উঠছে। সচরাচর প্রথম দিকের ওভারগুলো জোরের সঙ্গে করলেও তাসকিনের ওই ওভারে বলের গতি ছিল তুলনামূলক কম। খুব সম্ভবত ওই রানআপের অস্বস্তির কারণেই। তবে ম্যাচে আসল সমস্যার দেখা মেলে ফিল্ডিংয়ে। বিশেষ করে আউটফিল্ডে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আফগান ফিল্ডাররা বাউন্ডারি বাঁচাতে মরিয়া চেষ্টা করতে গেলে চোটের ঝুঁকিতে পড়েন তারা।