
স্টাফ রিপোর্টার::
শীর্ষ সন্ত্রাসী আনিসুল ইসলাম চৌধুরী তুষারের জামিন ও প্রেসক্লাব থেকে আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সাড়ে ৫টায় স্থানীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি শামায়েল রহমান।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলো সন্ত্রাসী তুষার। অথচ তার জামিনের প্রতিবাদে কোনো গণমাধ্যম সাড়া দেয়নি। বরং আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোসর কিছু সাংবাদিক সেই খবর চেপে যায় এবং উল্টো আন্দোলনকারীদের হেয়প্রতিপন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়। এই পরিস্থিতিতে তারা প্রতীকী ভাবে মৌলভীবাজার প্রেসক্লাবে তালা লাগিয়ে প্রতিবাদ জানায় এবং তালার চাবি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে প্রেসক্লাব থেকে পক্ষপাতদুষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদসহ আওয়ামীঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
তারা জানান, পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও পরে কিছু কথিত সাংবাদিক ও অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে প্রেসক্লাবের তালা ভেঙে ফের দখল নেয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, নিয়ামুল হক ও সংশ্লিষ্টরা ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামী দোসরদের পক্ষ নিয়ে প্রেসক্লাবকে আবারও দলীয়করণে ব্যবহার করছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার হবে।
এসময় উপস্থিত ছিলেন তানজিয়া শিশির, জাবেদ রহমান, রাব্বি মিয়া, শাহ মিছবাহ, রুহুল আমিন।