19 May 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

সেনা প্রহরায় মৌলভীবাজারে ঈদুল আযহার জামাত

Share


স্টাফ রিপোর্টার::

সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৬ জুন) সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী।

ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষ সহ শতাধিক মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা পশু কোরবানী দেন।

এদিকে এই ঈদের জামাতকে কেন্দ্র করে রয়েছে বিতর্কের ছায়া। গত রমজানে ঈদুল ফিতরের পর মুসল্লিদের টুপি ও জুব্বাকে “ইহুদি পোশাক” বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভের মুখে প্রশাসনের চাপের কারণে তিনি মুচলেকা দেন। তাতে তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে সরকারি নির্ধারিত তারিখেই ঈদ পালন করবেন।

কিন্তু মাত্র দুই মাসের মাথায় সেই মুচলেকার শর্ত ভেঙে সৌদির তারিখেই ঈদ পালন করলেন তিনি।

এ বিষয়ে মাওফিক চৌধুরী বলেন, “সময় ও পরিস্থিতির কারণে সে সময় মুচলেকা দিয়েছিলাম। এখন পরিবেশ অনুকূলে। ইনশা আল্লাহ, ভবিষ্যতেও এভাবেই ঈদ করবো।”

তিনি জানান, কিছু মুসল্লি নিরাপত্তাজনিত শঙ্কায় জামাতে আসতে পারেননি। তবে প্রশাসনের সহযোগিতায় তিনি জামাত সফলভাবে সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা জানান।