11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

জুড়ীতে পাহাড়ি ঢলে স্রোতে ভেসে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

Share

স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের জুড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (০২ জুন) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়ায় ঘটনাটি ঘটে। পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যাওয়া শিক্ষার্থী মাহবুব হাসান রিয়াদ (১৪)। সে সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মো. পাখি মিয়ার ছেলে। রিয়াদ স্থানীয় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। 

জানা যায়, বিকেলে বাড়ি থেকে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার উপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গেলে দুইজন একসাথে স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিমের সাঁতার জানা থাকায় বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার কাটা না জানা থাকায় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে।এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।