12 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

তৃণমূল ক্রিকেটে কাজ করেই আনন্দ নাজমুলের

Share

ফটোনিউজবিডি ডেস্ক::

জাতীয় দলের পাট চুকালেও ক্রিকেটটা ছাড়তে পারেননি। কোচিংয়ে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক পেসার নাজমুল হোসেন। দেশের ঘরোয়া ক্রিকেটে বেশ সুনামের সঙ্গেই কাজ করছেন। ডিপিএল, এনসিএল ও বিপিএলসহ বিদেশের লিগ তথা বাংলা টাইগার্সেও কাজের অভিজ্ঞতা আছে তার।

সবশেষ দুই বছর ধরে কাজ করছিলেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ২০২৩ যুবা এশিয়া কাপেও দলের পেস বোলিং কোচ ছিলেন নাজমুল। সবশেষ গেল বছর যুবা এশিয়া কাপ শুরুর দিন কয়েক আগেই হঠাৎ দায়িত্ব ছেড়ে দেন নাজমুল।

হঠাৎ কেন দায়িত্ব ছেড়েছিলেন সেটা স্পষ্ট না করলেও ঢাকা পোস্টকে নাজমুল বলছিলেন ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়ার কথা। বলছিলেন, ‘গত এক বছর আসলে অনূর্ধ্ব ১৯ নিয়ে কাজ করেছি। এশিয়া কাপের আগে ছেড়ে দিয়েছিলাম, কেবল দুই তিন দিন আগেই ছেড়েছিলাম। আসলে হয় কি যে গত দুই বছর আমি সবকিছু থেকে দূরে ছিলাম। এইজ লেভেলে কাজ করলে কিন্তু অন্য সব জায়গায় কাজ করা যায় না আসলে। কারণ প্রতি মাসে প্রোগ্রাম থাকে, তো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমি নিয়েছি।’

বর্তমানে সিলেটের এইজ গ্রুপের দায়িত্বে নাজমুল। কাজ করছেন অনূর্ধ্ব ১৪-১৬-১৮ লেভেলের ক্রিকেটারদের নিয়ে। জানালেন আনন্দের কথা, ‘আমি সিলেটের এইজ গ্রুপটাও দেখছিলাম। সিলেটে যারা খেলছে পেস বোলার গত ৪-৫ বছর ধরে আমার হাত ধরে এসেছে। তো এগুলো নিয়ে আসলে ব্যস্ত থাকা হয়। আপনি জাতীয় দল বলেন বা জাতীয় দলের আশেপাশে যারা আছে ফাহাদ, ইমন, শরিফুল, হাসান তারা কিন্তু কাজ করেছে আমার সাথে।’

চলমান বিপিএলে কেন নেই সেই ব্যাখ্যায় নাজমুল বলেন, ‘আমিতো এখনো বিসিবির সাথে কাজ করছি। ডিভিশনের কাজগুলো, এগুলো বিসিবির কাজ। বিপিএলের তিন মাস আগে কিন্তু দলগুলো সব সিলেক্ট করে কোচদের। তখন কিন্তু আমি নাইন্টিনের সাথে ছিলাম যে কারণে বিপিএলে আমি ছিলাম না। পরে এশিয়া কাপের দুই তিন দিন আগে কিন্তু আমি ছেড়ে দিয়েছি।’

কোচিং শিখতে হলে ছোটদের সাথে কাজ করার আহ্বান জানিয়ে নাজমুল বললেন, ‘আমার কাছে মনে হয় একটা জিনিস যদি কোচিং শিখতে হয় তাহলে অবশ্যই এইজ লেভেলে কাজ করতে হবে। কোচিং যদি আপনাকে শিখতে হয় তাহলে কাজ করতে হবে ছোটদের সাথে। বিপিএলটা তো জাস্ট ম্যান ম্যানেজমেন্ট। তৃণমূলে কাজ করতে হবে সবসময়, আমি মনে করি এটাই।’

‘যখন আমি কোচিংয়ে আসি তখন টাইগার্স নিয়ে কাজ করেছি। এ দলের নিয়ে কাজ করেছি যারা আছে। তখন কিন্তু আমার কোচিংটা কঠিন মনে হয়নি। পরে যখন তৃণমূলে কাজ করেছি তখন মনে হয়েছে যে কঠিন। কারণ জুনিয়র খেলোয়াড়দের হাতে ধরে ধরে সবকিছু শেখাতে হয়। তারা ম্যাচিউরড না তাদের সবকিছু বোঝাতে হয়।’

আবারো যদি যুবাদের দায়িত্ব নিতে বিসিবি ডাকে কী করবেন নাজমুল। জবাবে বললেন, ‘বিসিবির সাথে কোনো কথা হয়নি কারণ এটাও আমার একটা ডিউটি। সামনে প্রিমিয়ার লিগ আছে। যুবা দলের মধ্যে কাজ করার কথা ভাবছি না। যেতে চাচ্ছি না এমন না, তবে এক জায়গা থেকে চলে আসা আপাতত ডিভিশনেই চোখ।’