ষ্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা এবং ফজলুর রহমান নিহতের ঘটনায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু সহ ২১ নেতাকর্মীর উপর মামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা। ০৫ আগষ্ট কুলাউড়া থানায় মো: আবু সুফিয়ান তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং ১২/(০৮)।
মামলায় আসামীরা হলেন, (১) রফিকুল ইসলাম রেনু (২) মো: রায়হান আহমদ (৩) শেখ সাব্বির আলম (৪) সাইফুর রহমান নিজাম (৫) এনামুল ইসলাম (৬) বেলাল আহমদ (৭) রুহেল আহমদ (৮) মো: ইমন মিয়া (৯) মেহেদী হাসান (১০) ফাহিম আহমদ (১১) মো: শাকিল মিয়া (১২) এস এম রনি আহমদ (১৩) আশরাফুল ইসলাম (১৪) মুজাহিদ আলী (১৫) আদনান হোসেন (১৬) মিটুন চক্রবর্তী (১৭) নোমান আমদ (১৮) হাবিবুর রহমান (১৯) বিজয় কান্তি দাস (২০) জাকির আহমদ টিপু ও (২১) সিরাজ আহমদ তারেক।
মামলার এজহার সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকার পতনের জন্য বিক্ষোভ, অবরোধ ও সমাবেশ করে কুলাউড়ায়। এরই ধারাবাহিকতায় ৩ আগষ্ট দুপুরে আওয়ামীলীগ সরকার পতনের একদফা দাবিতে কুলাউড়া শহরে বিক্ষোভ করে। মিছিলটি কুলাউড়া পৌর শহর প্রদিক্ষণ করে উত্তরবাজারস্থ রেলক্রসিং এর নিকট পৌঁছালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রামদা, হকিষ্টিক, আগ্নেয়াস্ত্র ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে। আওয়ামীলীগ নেতাদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ১০/১৫ জন নেতাকর্মী গুরুত্বর আহত হন। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলায় গুরুত্বর আহত ফজলুর রহমান’কে শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
মামলার বাদী মো: আবু সুফিয়ান তালুকদার বলেন, “সারা দেশের ন্যায় কুলাউড়ায় আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে ফজলুর রহমান নামে আমাদের এক কর্মীকে নিহত করে। আমরা এর সঠিক বিচার চাই।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফ আহমদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। এ মামলায় কোনো ছাড় দেয়া হবে না”।