
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর জেলার সালথা থানার বল্লভদী ইউনিয়নে জমি দখল করতে ব্যর্থ হয়ে আইয়ুব আলীকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই আউল মুন্সী ও ছেলেরা। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা বিরাজ করে।
জানা যায়, রেল লাইনের মধ্যবর্তী স্থানে ৪০ শতক জমি ছিল ভিকটিম আইয়ুব আলীর। দীর্ঘদিন যাবৎ আইয়ুব আলীর চাচাতো ভাই আউল মুন্সী ও তার ৩ ছেলে রুহুল মুন্সী, সাইফুল মুন্সী এবং ছরোয়ার মুন্সী জমি আত্মসাৎ করার চেষ্টা করে তাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছে। ঘটনার দিন আউল মুন্সী ও তার তিন ছেলে রুহুল মুন্সী, সাইফুল মুন্সী এবং ছরোয়ার মুন্সী সহ আরও কয়েককজন ক্যাডার মিলে আইয়ুব আলীর দখলীয় জমিতে কাটাতাড়ের বেড়া দিতে যায়। তখন আইয়ুব আলী ও তার ছেলে মোঃ মাজাহারুল ইসলাম বিজয় তাদের বাধা প্রদান করতে গেলে সেখানে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সাইফুল মুন্সী ধারালো দা দিয়ে (ভিকটিম) আইয়ুব আলীর মাথায় সজোরে কোপ মারে এবং অন্যান্যরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। আঘাতের কারণে ভিকটিম আইয়ুব আলী অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইয়ুব আলীর ছেলে মোঃ মাজাহারুল ইসলাম বিজয় জানান, আউল মুন্সী ও তার ছেলেরা স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে মিলে এলাকায় জোর পূর্বক মানুষের জায়গা জমি দখল করছে। তারা নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে মানুষের ক্ষতি সাধন করতেও দ্বিধাবোধ করছেনা। এই দখলদার বাহিনীর হাতে আজ আমার পিতার প্রাণ গেছে। আমি এই হত্যাকারীদের বিচার চাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, আউল মুন্সী এবং তার ছেলেদের বিরোদ্ধে জমি দখল সহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আমরা আইয়ুব আলী হত্যার সঠিক বিচার চাই।
হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মাজাহারুল ইসলাম বিজয় সালথা থানায় আইয়ুব মুন্সী ও তার ৩ সন্তান সহ আরও ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মোল্লা জানান, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। প্রত্যেক আসামীকে আইনের আওতায় আনা হবে।