11 February 2026

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় মৎস ব্যবসায়ী যুবক আহত

Share

গোলাপগঞ্জ সংবাদদাতাঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় শাহিন আহমেদ নামে এক মৎস ব্যবসায়ী যুবক গুরুতর আহত হয়েছেন। আহত শাহিন আহমেদ ইউনিয়নের লামাচন্দরপুর গ্রামের মৃত মোঃ আব্দুল আলিমের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়,গত ৩০ মে রাতে চন্দরপুর বাজার থেকে ব্যবসা শেষে শাহিন পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রের উপুর্যপুরী আঘাতে শাহিন অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়। পরে পথচারীরা শাহিনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেন এবং তার পরিবারের সদস্যদের কাছে সংবাদ পৌঁছান। পথচারী ও স্বজনদের সহযোগিতায় শাহিনকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে তাৎক্ষণিক সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত শাহিন আহমেদ ওসমানী মেডিকেল হাসপাতালের ৪র্থ তলার ৩৪ নং বেডে চিকিৎসাধীন আছেন।

তথ্য সংগ্রহ করতে গতকাল এ প্রতিবেদক হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের বেডে শুয়া শাহীন আহমেদের পাশে থাকা তার মা শিল্পী বেগম সন্তানের অবস্থা দেখে বারবার চোখের জল মুচছেন। এসময় শাহিনের মা শিল্পী বেগম কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলেন,’ব্যবসা দখল করার জন্য যারা আমার স্বামীকে হত্যা করেছিল-তারাই আমার ছেলেকে হত্যার জন্য হামলা করেছে। ভাগ্যগুণে সে বেঁচে আছে। ডাক্তাররা বলছেন সে এখনো আশংকামুক্ত নয়। তার পেটে গুরুতর আঘাত রয়েছে।’ শিল্পী বেগম এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান।

উল্লেখ্য,আহত শাহীন আহমদের বাবা মোঃআব্দুল আলিম চন্দরপুর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি মহলের সাথে তার দ্বন্দ ছিল। ২০১৭ সালের ১০ আগষ্ট তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। ১১ আগস্ট কুশিয়ারা নদীর আছিরগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাবা হত্যার বিচার চেয়ে ১২ আগস্ট শাহিন আহমেদ ৭/৮ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এখনো সেই হত্যাকান্ডে জড়িত কোনো আসামীকে আটক করতে পারেনি।